
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ধানক্ষেত থেকে দুইটি অস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে সদর পৌরসভার গাজীপুরা গ্রামের একটি সাইজিং মিলের পেছনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি শর্টগান, একটি গ্যাসগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো থানার লুন্ঠিত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এগুলো সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যে, সে সম্পর্কেও অনুসন্ধান চলছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, কোনো অপরাধী চক্র এসব অস্ত্র রেখে গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুত এর রহস্য উদঘাটন হবে বলে আশ্বাস দিয়েছে।





























