
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নছিমন উল্টে গিয়ে আলী আকবর (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী আকবর তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে মাছ আনার উদ্দেশ্যে একটি নছিমনে করে ভুলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গহরদী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নছিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে আলী আকবর গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে দৃশ্যমান কোনো বড় আঘাত না থাকলেও, চাপা পড়ে অভ্যন্তরীণ আঘাতেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























