
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় টহল ডিউটির সময় পুলিশের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এক এসআইসহ ছয় পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) রাত সোয়া ৪টার দিকে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কনস্টেবল সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লাগে, কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁত ভেঙে যায় এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে গভীর কাটা জখম হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, রাতের টহল শেষে থানায় ফেরার পথে এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ এবং গাড়িচালক আরাফাত ইসলাম লেগুনাযোগে ফিরছিলেন। বগাদী এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা সবাই কমবেশি আহত হন।
দুর্ঘটনার পরপরই আড়াইহাজার থানার আরেকটি টহল দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আড়াইহাজার থানা পুলিশ।





























