
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আইভী জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
বৃহস্পতিবার সকালে তিনি শহরের দুই নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় মেয়র আইভীর সঙ্গে আওয়ামী লীগসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে আইভী নগর ভবনে যান।
আওয়ামী লীগের প্রবীণ নেতা–কর্মী ও সমর্থকেরা বলেছেন, দলের এই দুঃসময়ে আইভী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এতে মেয়র আইভী ও তাঁর সঙ্গে থাকা দলীয় ত্যাগী নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নিজের বিবেকের তাড়নায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি। বঙ্গবন্ধুর অবদান ও তাঁর আদর্শ ধারণ করে আজীবন তাঁর প্রতি শ্রদ্ধা জানাব।’





























