
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘঠিত সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গতকাল সোমবার (৯ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার (১০ জুন) সকাল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানান, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেষ্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামক একটি প্রতিষ্ঠানে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়। পরে কুট্টাপাড়া ও পাঠানপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























