
নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক মোঃ সোহাগ অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ।
চেম্বার সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এক বিবৃতিতে জানান, গত ১ জুন (রবিবার) রাত ১১টার দিকে মোঃ সোহাগ ব্যবসায়িক কাজ শেষে থেকে বাসার উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়িতে করে ফেরার পথে তিনি অপরহরণ হন। পরদিন ২ জুন (সোমবার) দুপুরে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
চেম্বার সভাপতি বলেন, “একজন দায়িত্বশীল ব্যবসায়ী এবং চেম্বার পরিচালক অপহরণের শিকার হওয়া শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; বরং এটি ব্যবসায়ী সমাজ ও নারায়ণগঞ্জের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুতর প্রশ্ন তোলে। এ ঘটনায় নারায়ণগঞ্জসহ সারাদেশের ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।”
চেম্বারের পক্ষ থেকে আরও জানানো হয়, নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে একাধিক নিরাপত্তা চেকপোস্ট থাকলেও কোথাও এই অপহরণের ঘটনা শনাক্ত না হওয়ায় প্রশাসনের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। চেম্বার মনে করে, এ ধরনের ঘটনা দেশের ব্যবসায়ী পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সোহাগের পরিবারের পক্ষ থেকে গত ৩ জুন ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত অপহরণের কারণ, পেছনের উদ্দেশ্য এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ এক জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আজ ৬ জুন শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের বরাবর পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হবে।
চেম্বারের পক্ষ থেকে বলা হয়েছে, “এই জঘন্য ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে চেম্বার পরিচালকবৃন্দ এবং ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”





























