
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহত একজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের মাছের আড়তসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন।
আহতরা হলেন, নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া বারুনী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন ও কাদিপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে এনামুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা আটটি ভ্যানকে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিয়ংক কুন্ডু বলেন, ‘আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসারত অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।’
ওসি নাজমুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। তদন্ত করে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





























