
বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।
দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই দুইটি ট্রাকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের নৈশ কোচটি ধাঁক্কা দিলে কোচের ৫ জন যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ১২ ঘটিকায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনা সদস্য এরশাদ হোসেন (রাসেদ) (২৫), একই উপজেলার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার (২৫), নাবিল পরিবহনের সুপারভাইজার নওগাঁ সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৭), ঢাকা আমিন বাজারের রাহাদ মিয়া (৪৫)।
আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর ও বগুড়াসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আম বোঝাই একটি ট্রাকের ডালার (ক্যাবিনের পিছনের অংশ) ত্রুটি দেখা দেয়। রাস্তার পাশে দাঁড় করিয়ে ট্রাক থেকে আমের ক্যারেট রাস্তার পাশে রাখার কাজ চলছিল।
তার কিছু সময় পর আরও একটি বালু বোঝাই ট্রাকের চাকা বিকল হওয়ায় ট্রাকটির চাকা পরিবর্তনের কাজ করছিল। হঠাৎ একটি যাত্রীবাহী কোচ প্রথমে আমের মিনি ট্রাক এবং পরে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচটির বাম অংশ বালু বোঝাই ট্রাকের ডালার ভিতরে অর্ধেক অংশ ঢুকে যায় এবং কোচটির বাম অংশ সামনে থেকে অন্তত ১৫টি সিট দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চালানোর কারণে ও ঘুম জাগার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
হাকিমপুর-ঘোড়াঘাট সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, "আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। ৩টি গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে এবং মৃতদেহগুলোর পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে,। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে"।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "এ মর্মান্তিক দুর্ঘনায় এখন পর্যন্ত ১ জন নারী ও ৪ জন পুরুষের মৃত্যু হয়েছে। ও অন্তত ১৫ জন আহত হন"।
নিহতদের সুরতহালের কাজ চলছে। নিহত ও আহতদের সবার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে"।





























