
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন— দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। গুরুতর আহত শিক্ষার্থী একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে দৌলতখালী মাদরাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে এবং একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





























