
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেল কার্যালয় ও মালিক–শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেল কার্যালয়ে বিভাগের পরিচালক (ইঞ্জি:) শফিকুজ্জামান ভুঞায়ার নেতৃত্বে নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত কাউন্টার গুলো পরিদর্শন ও যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয় এবং চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এসময় ফিটনেস বিহীন যানবাহন যাতে রাস্তায় চলাচল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন মালিকদের সতর্ক করে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে জানার চেষ্টা করা হয়, কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা।
এছাড়াও ডিজিলেন্স টিম ফিটনেস সনদ যাচাইসহ যানবাহনের সার্বিক শারীরিক অবস্থা, ব্রেক সিস্টেম, টায়ার, লাইট এবং অন্যান্য নিরাপত্তামূলক দিকগুলো পর্যবেক্ষণ করে। যেসব যানবাহনের কাগজপত্র, ফিটনেস ও লাইসেন্স যথাযথ নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।
এসময় সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদ,সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আতাউর রহমান,উচ্চমান সহকারী ফরিদ আলম,অফিস সহায়ক আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























