
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের প্রতক্ষ্য ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান ও সাংগঠনিক পদে মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। বুধবার বিকেলে সম্মেলন শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নটির ৯ টি ওয়ার্ড এর ৪৫৯ জন কাউন্সিলর তাদের প্রতক্ষ্য ভোটে তাদের নেতা নির্বাচন করেন। এতে সভাপতি পদে জাহাঙ্গীর আলম পান ৩২৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন পান ৯৬ ভোট সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান বাবু পান ২৪৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুলাল মিয়া পান ১৯০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা কামাল পান ১৬০ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইয়েদুল ইসলাম পান ১৪৩ ভোট। সম্মেলন ও নির্বাচনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু। জানা যায় ৯টি ইউনিয়ন এর মধ্যে গজঘন্টা সহ ৮ টি ইউনিয়নের সম্মেলন ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি রয়েছে লক্ষ্মীটারি ইউনিয়নের সম্মেলন। লক্ষ্মীটারি ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে আগামী অল্প কিছু দিনের মধ্যে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।





























