
রাশিদুল ইসলাম,গুরুদাসপুর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে আল-মামুন(২৫) নামে এক সেনা সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) আনুমানিক বিকাল তিনটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দশ নম্বর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আল-মামুন নাটোর সদর উপজেলার লক্ষীপুর বড়বাড়িয়া গ্রামের মৃত- ওছিম উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে “আরপি স্পেশাল” বাস ঢাকায় যাচ্ছিলো। এসময় বিকেল আনুমানিক তিন টার সময় বনপাড়া হাটিকুমড়ল মহাসড়কের কাছিকাটা দশ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি ট্রাকের সাথে আরপি স্পেশাল বাসের ধাক্কা লাগে।এতে বাসটি উল্টে খাদে পড়লে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আল মামুনের মৃত্যু হয়।এসময় আহত হয় আরও ছয়জন।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।আহত যাত্রীদের পুলিশ ও স্থানীয়দের সহোযোগিতায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





























