
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় চলন্ত সিএনজির ধাক্কায় মো. রিফাত (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার ৮ই জুন বেলা দুইটার দিকে উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর সড়কের দৌলতপুর কবরস্থান সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি দৌলতপুর গ্রামের মো.লিটন মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত রিফাত দুপুরে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে দুলালপুর বাজারের দিকে যাচ্ছিল' এ সময় রামকৃষ্ণপুর থেকে দুলালপুরের দিকে আসা একটি সিএনজি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।
এতে তার মাথা গুরুতর জখম হয় ও মাথা থেকে মগজ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে। এদিকে ঘাতক সিএনজি চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায় বলে জানা যায়। এদিকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।





























