
মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জের পল্লীতে ময়দা পুশ করা ৫০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস এবং এক গৃহবধুকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ মে) দুপুরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মৎস্য ব্যবসায়ী সাদেক গাজীর বাড়িতে অভিযান চালায়।
অভিযানে পুশকৃত অবস্থায় বিভিন্ন প্রজাতির কয়েক ক্যারেট চিংড়ি এবং ময়দা পুশের সরঞ্জাম সিরিঞ্জ ও তরল মিশ্রণ উদ্ধার করা হয়। অভিযানের সময় সাদেক গাজী পালিয়ে গেলেও তার স্ত্রী নাজমা পারভীনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫০ কেজি পুশকৃত চিংড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ডিবি পুলিশের সহকারী পরিদর্শক মো. সাখায়েতুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের মনিরুজ্জামান এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।





























