
মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মৃত আকিমুদ্দীনের ছেলে শেখ আব্দুল খালেকের জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
শেখ আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুনের তথ্য মতে জানা যায়, কালিকাপুর মৌজার এসএ ৩০/৮৫ দাগের ৯৯ শতাংশ জমি গত ৪০ বছর যাবৎ তারা শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছিল। কিন্তু সরকার পরিবর্তন হয়ে আইন শৃঙ্খলার অবনতির সুযোগকে কাজে লাগিয়ে কালিকাপুর গ্রামের বহুল বিতর্কিত ব্যক্তি মৃত শেখ আজিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান ও তার লাঠিয়াল বাহিনী গত ১৩ আগস্ট মঙ্গলবার সকালে শেখ আব্দুল খালেকের দখলে থাকা ৯৯ শতাংশ জমির মধ্য থেকে ৪ শতাংশ জমি দখলে নিয়ে ঘেরা-বেড়া দিয়ে ঘর বাধে এবং তার ও তাদের শরিকদের পারিবারিক কবর স্থানে যাওয়ার পথ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী শেখ আব্দুল খালেক বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় সালিশ মিমাংসা করার প্রস্তাব দিলেও দখলবাজ হাবিবুর রহমান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
অভিযুক্ত হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কাগজপত্র অনুযায়ী জমি আমার। বিগত ৪০ বছর তারা জোর পূর্বক দখলে নিয়ে ভোগ করে আসছে।





























