
কক্সবাজারের চকোরিয়া উপজেলায় অভিযান পরিচালনাকালে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক সেনা অফিসার তানজীম সরোয়ার নির্জন হত্যার প্রতিবাদ ও সম্প্রতি পাহাড় সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজন করেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
মানববন্ধনে গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা শেখ রিফাদ মাহমুদ বলেন, কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদল নির্মমভাবে এক সেনা কর্মকর্তাকে হত্যা করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সেনা হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, গত ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর, দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক ও গভীর উদ্বেগের। অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা পাহাড়ি সমস্যার যৌক্তিক ও রাজনৈতিক সমাধান করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, সানি উল ইসলাম, আবদুল্লাহ আল নোমান পিয়াস, জুবায়ের হোসেন, ইফতেখার শাওন, নিলয়, বহ্নী সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় অভিযান চলাকালে ডাকাতের হামলায় এক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সরোয়ার নিহত হয়েছেন। নিহত তানজিম ৩৯ এসটি ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ উদ্বেগজনকভাবে বেড়েছে। বুধবার (১৮ আগস্ট) খাগড়াছড়িতে মো. মামুনের মৃত্যু দিয়ে সংঘাতের সূত্রপাত ঘটে। এরপর ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় বাঙালিদের মিছিলের সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার রাতে দফায় দফায় গোলাগুলি হয়। এতে অন্তত ৩ জন নিহত এবং ১৫ জন আহত হন।





























