
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ২৩ বীর-এর আওতায় কুমিল্লা মহানগরের রানিরবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (৩ জুন) রাত সারে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত ৩ গজ ইউনিফর্মের কাপড়সহ বিভিন্ন অবৈধ, সন্দেহজনক সামগ্রী
ও দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামাল সমূহের মধ্যে রয়েছে, ইয়াবা, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, চাপাতি,কুড়াল, বড় ছুরি, কাঁচি, কাটিং প্লাস, সিসিটিভি ডিভিআর, সেলাই রেঞ্জ, বাটুল (লোহার বস্তু), গাঁজা, ছুরি, সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়।
সেনাবাহিনী সূত্র বলছে, তাদের কাছে সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড় পাওয়া জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ধারকৃত সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণে উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরণের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন।
অভিযানে আটককৃত ব্যাক্তিরা হলেন, বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, আদর্শ সদর উপজেলার চম্পকনগড় গ্রামের হানিফ মিয়ার ছেলে ফরিদ, দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কবির উদ্দিনের ছেলে তুহিন।
অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাং এর চার সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করবো।





























