
নারায়ণগঞ্জে নগরীর নিতাইগঞ্জ এলাকার গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে প্রতিনিয়ত খাবার ও পানি দিয়ে থাকেন ভালো সেন্ট্রাল কর্তৃপক্ষ। ভালো সেন্ট্রালের স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান শান্তর উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে নিতাইগঞ্জ এলাকায় ভালো সেন্ট্রালের ভবনে প্রায় এক হাজার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতিরণ করা হয়।
ভালো সেন্ট্রালের উদ্যোক্তা আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
আরো উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রালের অন্যতম সদস্য মোখলেছুর রহমান ভুট্টো। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমি সর্ব প্রথম এই ভালো সেন্ট্রালের উদ্যোক্তা শাহারিয়ার রহমান শান্ত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সমাজে অনেক এমন সংগঠন আছে কিন্তু তাদের মতো প্রতিদিন এমন হাজার হাজার মানুষকে খাবার দিয়ে সেবা করার প্রতিষ্ঠান খুব কমই আছে। আমি আমার এলাকাবাসী ও আমার এলাকার সকল ভাইয়ের প্রতি আহ্বান জানাবো যেন সবাই এই ভালো সেন্ট্রালের পাশে থেকে সবসময় তাদের সহযোগিতা করবেন।
সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম রাজিব বলেন, এই ভালো সেন্ট্রালের শুরু থেকেই অনেক ভালো ও ব্যতিক্রমী উদ্যোগ করে যাচ্ছি। আমরা সাপ্তাহে ৩ দিন গরিব ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করছি। এছাড়া শ্রমিকদের চুল-দাঁড়ি কামানোর জন্য বিনামূল্যে সেলুনের ব্যবস্থা করা আছে। আল্লাহ যেনো আমাদের এ কাজ চলমান রাখার তৌফিক দান করেন- আপনারা সে দোয়া করবেন।





























