
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসেবা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহিদুল মিঞা এবং সঞ্চালনা করেন বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান।
সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, সিটি করপোরেশন, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সুধীজন অংশ নেন। আসন্ন ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ঈদের পূর্বে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়, তবে পশুবাহী ও জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে।
দুর্ঘটনা ও যানজট নিরসনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত মালামাল বা যাত্রী পরিবহন রোধে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিটি করপোরেশন, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিলেন্স ও মনিটরিং টিম গঠনের বিষয়ে আলোচনা হয়।
সভায় মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ অযান্ত্রিক যান চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারকরণ, মহাসড়কের পাশে অস্থায়ী পশুর হাট ইজারার বিষয়ে দিকনির্দেশনা এবং বাস টার্মিনালে ফিটনেস পরীক্ষার জন্য বুথ স্থাপনের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।





























