
নারায়ণগঞ্জ জেলার মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারে (বালক) ৮০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে শিশুদের সঙ্গে ইফতার করেন এবং তাদের হাতে পাঞ্জাবি তুলে দেন।
ইফতার মাহফিল ও উপহার বিতরণ অনুষ্ঠানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজ হাতে শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন এবং বলেন, তোমরা এতিম নও, তোমাদের পাশে জেলা প্রশাসন সর্বদা আছে। আমরা চাই, তোমরা হাসিখুশি থাকো, বড় হও এবং সমাজে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসকের এ উদ্যোগ শিশুদের মুখে হাসি ফুটিয়েছে। ইফতারের পরপরই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কল্যাণ কামনা করা হয়।
এই আয়োজন রমজানের মহত্ত্বকে আরও গভীর করে তুলেছে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে।





























