
মনির হোসেন সুমন, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সজিব ওরফে শরীফ (১৫) হত্যা মামলার রায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার তল্লা খাঁপুর এলাকার খোকন মিয়ার ছেলে রনি এবং বন্দর উপজেলার সোনাকান্দা পানির ট্যাঙ্কি এলাকার আজিজুল ইসলামের ছেলে মামুন। রায়ে দু’আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার বিকেলে নারায়ণগঞ্জর অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে শরাবন তহুরা এ রায় ঘোষণাকালে আসামীরা পলাতক ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ বলেন, হত্যাকান্ডের ১৯ বছর পর এই মামলার রায় ঘোষিত হলো।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৫ সালে ১ মার্চ সন্ধ্যার পর বন্দর উপজেলার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে বাইরে যায় সজিব ওরফে শরীফ। কিন্তু রাতে বাসায় ফিরে না আসায় তার বাবা মো. শহীদুল্লাহ তার খোঁজ করেও পাননি। পরদিন পুলিশ বন্দরের মাহমুদপুর এলাকার বাংলা সিমেন্ট কারখানার পরিত্যক্ত পুকুর থেকে সজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে শহীদুল্লাহ ও তার পরিবারেরর সদস্যরা হাসপাতাল মর্গে সজিবের লাশ শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের বাবা শহীদুল্লা বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।





























