
পরিবেশ সংরক্ষণ আইনের আলোকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণ রোধে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৮ মে) সকালে নারায়ণগঞ্জের সদর উপজেলার ভূঁইগড় এলাকায় পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। মোবাইল কোর্ট পরিচালিত হয় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা অনুযায়ী।
অভিযানে ফতুল্লার ভূঁইগড় এলাকার তিনটি প্রতিষ্ঠানকে পলিথিন বিক্রি ও প্রদর্শনের দায়ে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: মোজাদেদি গোস্ত দোকান, আল্লাহ ভরসা গোস্ত ঘর ও প্রাইমা বেকারি।
এদের প্রত্যেকের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রায় ৮ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব পলিথিন ব্যাগ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তা উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিষয়ে পূর্বে একাধিকবার সতর্কতা দেওয়া হলেও ব্যবসায়ীরা তা উপেক্ষা করে যাচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়, জনস্বার্থে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।





























