
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির জন্য প্রদর্শন করায় এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি পলিথিন জব্দ এবং ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৪ জুন) বুধবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাজমূল হুদার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘন এবং ১৫ এর ৪(খ) ধারার আওতায় ফতুল্লার কুতুবপুরের জালকুড়ি এলাকায় অবস্থিত ‘মিম এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠান থেকে ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























