
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের দশতলা সংলগ্ন বেঙ্গল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মেইন লেনে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আব্দুল কুদ্দুস (৩৫)। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা। পিতা আব্দুল ওকিল ও মাতা সালেহা বেগমের সন্তান কুদ্দুস সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর সাততলা মানিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক কুদ্দুস।
সংবাদ পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে হেফাজতে নেয়।





























