
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকায় ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শেদ রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন-বন্দরের মুরাদপুর এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) ও শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মো. শাওন (১৭)।
আহত হয়েছেন ফাহিম নামে এক আরোহী, যিনি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, ‘তারা নতুন মোটরসাইকেল চালানো শিখছিল। প্রায়ই এলাকায় তাদের চালাতে দেখতাম। কিন্তু আজ রাতে মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে প্রবেশ করলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাওন ও শিমুল মারা যান এবং ফাহিম গুরুতর আহত হন।’
নিহতদের বন্ধু ফাহিম খান বলেন, ‘ওরা অল্প কিছুদিন হলো মোটরসাইকেল চালানো শিখেছে। কিন্তু কেন হঠাৎ করে মহাসড়কে উঠলো, বুঝতে পারছি না। দুর্ঘটনার সময় ফাহিম মোটরসাইকেলটি চালাচ্ছিল বলে জেনেছি।’
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ‘দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আমরা ট্রাকটি জব্দ করেছি, তবে চালক পালিয়ে গেছে।’





























