
অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল। বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনায় বুধবার (৪ জুন) পরিচালিত এই যৌথ অভিযানে মোট ৭টি মামলায় ৬,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে হিমাচল পরিবহন কর্তৃপক্ষকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ না করায় হানিফ পরিবহনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমা রাইয়ান। তাঁর সঙ্গে মোবাইল কোর্টে সহযোগিতা করেন বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।





























