
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে বিআরটিএ’র রাজশাহী সার্কেল কার্যালয়ের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৯ জুন) রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জি:) শফিকুজ্জামান ভুঞায়ার নেতৃত্বে বিআরটিএ’র ভিজিলেন্স টীমসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করেন।
এসময় যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া ফিটনেস সনদ যাচাইসহ যানবাহনের সার্বিক শারীরিক অবস্থা, ব্রেক সিস্টেম, টায়ার, লাইট এবং অন্যান্য নিরাপত্তামূলক দিকগুলো পর্যবেক্ষণ করা হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে আর যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। যদি আমরা অভিযোগ পাই তাহলে আবার অভিযান পরিচালনা করব।
এদিকে, দেশে আবারও করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত বিআরটিএ’র ভিজিলেন্স টীম বুথে মাইকিং সিস্টেমের মাধ্যমে সচেতনতামূলক প্রচার- প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণকালে আলপনা ইয়াসমিন বলেন,করোনাভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত ও বিচলিত হবেন না। করোনাভাইরাস মারাত্মক না হলেও সচেতনতার মাধ্যমেই ওই ভাইরাস থেকে বাঁচা সম্ভব।
ঘরের বাইরে মাস্ক ব্যবহার, প্রচুর ফলের রস ও পানি পান করা, সাবান দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ-মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি-কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না আসা, ডিম-মাছ ও মাংস ভালোভাবে রান্না করে খাওয়ায় পরামর্শ দেন তিনি।
এসময় সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আতাউর রহমান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর বিজন কুমার পাল,অফিস সহায়ক আলীসহ মালিক–শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





























