
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রমজানে রাজশাহীতে চাহিদা বেড়েছে লেবু ও শসার। ইফতার ও সাহরিতে চাহিদা বাড়ার করণে জমজমাট হয়ে উঠেছে বাজার। নগরীর বিভিন্ন বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
রোববার (২ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
নগরীর সাহেব বাজার, নওদাপাড়া, শালবাগান, নিউমার্কেট, শিরোইল, খড়খড়ি বাইপাসসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেকটা লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। এক সপ্তাহের ব্যবধানে লেবু হালিতে ১৫-২০ টাকা থেকে বেড়ে হালি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা হয়েছে। আর শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, পবিত্র রমজানে চাহিদা বাড়ে লেবু শসার। ফলে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। ফলে কিছুটা দামে বেড়েছে। তবে দুই একদিনের মধ্যে সরবরাহ বেড়ে গেলে দাম কমে যাবে।
রাজশাহী সাহেব বাজারের ব্যবসায়ী নাজির উদ্দিন বলেন, লেবুর দাম অনেকে বেড়েছে। এখন পাইকারিতে দাম বেশি। আমাদের কিনতেই হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা হালি দরে। বাধ্য হয়েই বিক্রি করতে হচ্ছে বেশি দরে।
মিরাজুল ইসলাম নামের এক শসা বিক্রেতা বলেন, এবার শসার দাম অনেক বেশি। পাইকারি কিনতে হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে। বাজারে শসা পাওয়ায় যাচ্ছে না। যা পাচ্ছি সবাই মিলে ভাগ করে নিতে হচ্ছে।
সাবেহ বাজারের ক্রেতা ইয়ামিন হোসেন বলেন, ইফতারে লেবু ও শসা সবার প্রয়োজন হয়। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এগুলো দাম বাড়িয়ে দিয়েছে। বাজারে এসে দেখি দাম প্রায় দ্বিগুণ। এখন আর কী করারর ২টা লেবু ও ২টা শসা নিয়ে বাড়ি যাচ্ছি।
রাজশাহী মহানগর কাঁচা বাজার সমিতির সভাপতি ফাইজুল ইসলাম বলেন, বাজারে রমজানের কারণে লেবু ও শসার চাহিদা বেড়েছে। এগুলোর দাম আগের থেকে একটু বেশি। বর্তমানে পাইকারি শসা ৪০-৫০ টাকা বেজি ও লেবু ২৫-৩০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। প্রথম রোজা একটু চাপ বেশি। দুই একদিনের মধ্যে পণ্য আমদানি বাড়বে।





























