
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক ওয়াসিম আল-রাজিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্থানীয় দৈনিক উপচার পত্রিকায় কাজ করতেন।
গত ২২ আগষ্ট হাইকোর্টের বিজ্ঞ বিচারক জে,বি,এম হাসান এবং কে,এম জাহিদ সারোয়ার, জামিন আবেদনের শুনানি শেষে ওয়াসিম আল-রাজি এবং অপর আসামী নাসিম আলীকে জামিন দেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রাশেদুল ইসলাম খোকন এর সহকারী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২০২১ সালের আগষ্টে একটি ছবিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্যের ইন্ধনে সাংবাদিক ওয়াসিম আল-রাজির বিরুদ্ধে ডিজিটাল আইন নিরাপত্তা আইনে মিথ্যা মামলাটি দায়ের করেন কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এস,আই সিরাজ শাহ।
দীর্ঘ এক বছর পর মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান সাংবাদিক ওয়াসিম আল-রাজির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণ না করতে পারলেও অপর আসামী নাসিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে চার্জশিট দাখিল করেন।একই বছরের নভেম্বর মাসে সাইবার ট্রাইব্যুনাল আদালত ওয়াসিম আল-রাজি ও নাসিমকে পৃথক তিনটি ধারায় ১৫ বছর সশ্রম সাজা প্রদান করেন।
দীর্ঘ এক বছর দশ মাস পর উচ্চ আদালত, সাংবাদিক ওয়াসিম আল-রাজি ও নাসিম আলীকে জামিন দিলে গত ১০ সেপ্টেম্বর মঙলবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।মুক্তির বিষয়ে জানতে কারাগারের উপ-তত্ত্বাবধায়ক আমানুল্লাহকে ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।





























