
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নব নিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করেছেন। এ সময় তাঁকে স্বাগত জানান সোসাইটির কোষাধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম, মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি ও উপ-মহাসচিব সুলতান আহমেদ। পরে তিনি সোসাইটির সকল বিভাগের পরিচালকবৃন্দের সাথে বোর্ড সভাকক্ষে মতবিনিময় করেন।
গত ৫ মার্চ বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ ১৯৭৩ সনের ২৬ নং)-এর ৯ (১) বিধান অনুযায়ী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে মেজর জেনারেল অধ্যাপক ডা. মো: আজিজুল ইসলাম (অব.) কে চেয়ারম্যান ও ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর সহযোগী অধ্যাপক ড. তাসনিম আজিম কে ভাইস চেয়ারম্যান, ঢাকা ট্যাক্সবার এসোসিয়েশানের কর আইনজীবী ও রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মুহাম্মদ আমিনুল ইসলাম কে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে মোট ১১ সদস্যের এডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন করা হয়।
ম্যানেজিং বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, কার্ডিওলজিস্ট ও সমাজসেবক ডা. শেখ আবু জাফর, সিআরপি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শাহে আলম, ব্যরিস্টার তানিম হোসেন শাওন, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী, ডা. মাহমুদা আলম মিতু এবং ডিজি ঢাকা কমিউনিকেশন্স লিমিটেড এর পরিচালক মো. মাহবুব আলম।





























