
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ১৩ বছর বয়সী কিশোরীকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাকুরতলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।
পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে— মাহমুদুল হাসান সিয়াম (২১), তার বাবা মো. মোজাম্মেল হক (৪২) ও মা মোছা. মালেকা আক্তার (৪০)।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করা হয়। অপহরণের অভিযোগে ভিকটিমের পরিবার কোর্ট পিটিশন মামলা দায়ের করে (মামলা নং- ১৫০/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৩০)।
পিবিআই সদর দপ্তরের নির্দেশে ও পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত শুরু হয়।
তদন্তে জানা যায়, ভিকটিমকে তারাকান্দার পাকুরতলা এলাকায় আটকে রাখা হয়েছে। এরপর পিবিআইয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
ভিকটিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





























