
বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
রবিবার (৯ মার্চ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল, রূপগঞ্জ, মো. উবায়দুর রহমান সাহেল ও মো. তারিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো: আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেড – ২ লাখ টাকা, করিম অ্যাসকাস্ট এন্ড রেডিমিক্স লিমিটেড – ২ লাখ টাকা ও মীর কনক্রিট প্রোডাক্টস লিমিটেড (ইউনিট-০৪) – ১ লাখ টাকা।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























