
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয়ে অজ্ঞাত দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগে পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত দুইটার দিকে মঙ্গলখালী এলাকায় সংঘটিত এই ঘটনায় কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটারসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে পেছন দিক থেকে কার্যালয়ে আগুন লাগানো হয়। কার্যালয়টি রূপগঞ্জের ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সম্পূর্ণ কার্যালয়টি পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে “পরিকল্পিত ষড়যন্ত্র” হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তিশালী ভূমিকা এবং সংগঠনের সামাজিক কার্যক্রম দমন করতেই এ ধরনের নাশকতা ঘটানো হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের (পিএবি) যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রিয়াদ বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে। যারা এই আগুন লাগিয়েছে, তারা আমাদের বিপ্লবী ভূমিকা এবং সারা রূপগঞ্জে আন্দোলনের প্রসারকে ধ্বংস করতে চেয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনায় সঠিক তদন্ত এবং দোষীদের বিচার দাবি করছি।”
পিএবি সভাপতি জিদান মোল্লা বলেন, “এটি শুধুমাত্র একটি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা নয়, এটি ছাত্র আন্দোলনের ওপর পরিকল্পিত হামলা। এটি রূপগঞ্জের ছাত্রদের কণ্ঠরোধের অপচেষ্টা। কিন্তু আমরা দমে যাব না।”
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারায়ণগঞ্জ জেলা গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদ ইসলাম বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





























