
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার পানিরকল এসিআই গেটের সামনে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় তাকে।
র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি টহল দল পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় এক যুবক সন্দেহজনকভাবে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে তাকে থামানো হয়। দেহ তল্লাশিতে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি রিভলবার পাওয়া যায়, যার বডিতে "MADE IN PAKISTAN" খোদাই করা ছিল।
আটককৃত যুবকের নাম মো. মেহেদী হাসান (২০)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, অস্ত্রটি সে অবৈধভাবে সংগ্রহ করেছিল এবং তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ কাগজপত্র নেই।
ঘটনার পর বিধি মোতাবেক অস্ত্রটি জব্দ করে আটক যুবককে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, সমাজ থেকে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।





























