
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলার সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে "সেনবাগ উপজেলা উন্নয়ন ভাবনা" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিকট হস্তান্তর করা হয়েছে।
এই প্রস্তাবনায় সেনবাগ উপজেলার জনগুরুত্বপূর্ণ ২১টি রাস্তা মেরামতের পরিকল্পনার পাশাপাশি, নতুনভাবে নির্মাণের জন্য ১৩টি সড়ক এবং ডিপিপিতে সংযুক্ত ১৪টি সড়কসহ মোট ৪৮টি সড়কের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সেনবাগ উপজেলা স্টেডিয়ামের জন্য দ্রুত বরাদ্দ এবং উপজেলার ১০টি ইউনিটে অবস্থিত ১১টি স্কুল মাঠ সংস্কার করে সেগুলোকে খেলার উপযোগী করার প্রস্তাব করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক কামরুজ্জামান এবং এনটিভির সিনিয়র রিপোর্টার সোহরাব মাহদী।
এ বিষয়ে আয়োজকরা জানান, "আমাদের রাজনীতি জনগণের কল্যাণ ও সামষ্টিক উন্নয়নকে লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ভাবনা বাস্তবায়িত হলে সেনবাগের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও তরুণ প্রজন্মের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।"





























