
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়া পৌর বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।
সভায় তিনি বলেন, “শহীদ জিয়া ছিলেন দেশের জন্য নিবেদিতপ্রাণ একজন সাহসী রাষ্ট্রনায়ক। তিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। আজ তার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান শফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি ওহিদুরজ্জামান নাদিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহারিয়ার মাহামুদ স্বাধীন এবং যুগ্ম আহ্বায়ক মো. লিটন আলী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার এবং সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান কমর এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রেজাউল করিম।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর জীবন ও কর্ম তুলে ধরে আগামী দিনে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।





























