
শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক মুক্তির ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম। ৫ অক্টোবর (শনিবার) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে 'আদর্শ শিক্ষকের করণীয় ও গুণাবলী' সম্পর্কে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নাজমুল ইসলাম বলেন, 'উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে শিক্ষকদের মর্যাদা ও বেতন কাঠামোর দিকে নজর দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক তৃতীয় শ্রেণির মর্যাদা পান। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মাত্র ১২,৫০০ টাকা বেতন পান। বিএড করলে তার বেতন হয় ১৬ হাজার টাকা। যা খুবই দুঃখজনক।"
বিশ্বের ১০০টি দেশের সঙ্গে বাংলাদেশেও যথাযথ মর্যাদায় আজ শিক্ষক দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষে দারুননাজাত একাডেমির সকল শিক্ষক মুক্ত আলোচনায় অংশ নেন। আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তারা আলোচনা করেন।
এ সময় একাডেমির পক্ষ থেকে শিক্ষকদের হাতে সামান্য উপহার তুলে দেয়া হয়। আয়োজন ছোট হলেও পরিবেশ ছিল দারুণ আনন্দঘন।





























