
শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে শব্দদূষণকারী দুটি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে দুটি হর্ন জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ তৌফিক রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সোনারগাঁ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দসৃষ্টিকারী দুটি যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























