
নারায়ণগঞ্জের বন্ধন ও উৎসব বাসে স্টুডেন্ট ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ওপর বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বাসগুলো সরকার নির্ধারিত নিয়ম মানছে না এবং নানা অজুহাতে ছাত্রদের হাফ ভাড়া থেকে বঞ্চিত করছে।
সরকারি নিয়ম অনুযায়ী, সপ্তাহের সাত দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকার কথা। তবে বন্ধন ও উৎসব বাস শুক্র ও শনিবার এই নিয়ম মানে না। শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, "শনিবার দেশের অনেক বিশ্ববিদ্যালয় খোলা থাকে। তাহলে সেদিন কেন হাফ ভাড়া দেওয়া হবে না?"
যাত্রীদের অভিযোগ, বাসগুলোতে দুই-তিন জনের বেশি শিক্ষার্থী উঠলে তাদের নামিয়ে দেওয়া হয় বা অন্য গাড়িতে যেতে বলা হয়। শিক্ষার্থীরা এই আচরণকে সরাসরি হয়রানি বলে উল্লেখ করেছেন।
নগরীর ২নং রেলগেট থেকে স্টুডেন্ট ভাড়া কার্যকর করা হয় না। শিক্ষার্থীরা জানান, "টিকিটের ব্যবস্থা থাকলেও আমাদের থেকে হাফ ভাড়া নেওয়া হয় না। অথচ অন্য যাত্রীদের জন্য এই বাস চলাচল চালু রাখে।"
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাত ৭টার পর থেকে বাসের চালক ও সহকারীরা হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানান। শিক্ষার্থীরা বলছেন, "এটি যেন তাদের আয় বাড়ানোর একটি কৌশল।"
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বাসকর্মীদের আচরণ। শিক্ষার্থীরা বলেন, "হাফ ভাড়া চাইলে তারা এমন ব্যবহার করেন যেন আমরা ভিক্ষা চাইছি।" এই আচরণকে শিক্ষার্থীরা অপমানজনক এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন।
শিক্ষার্থীরা বাস মালিক সমিতি ও স্থানীয় প্রশাসনের কাছে এই সমস্যার সমাধান দাবি করেছেন। তারা বলেন, "হাফ ভাড়া আমাদের অধিকার। এটি দয়া নয়।"
সরকারের পক্ষ থেকে স্টুডেন্ট ভাড়া সংক্রান্ত নিয়ম কার্যকর করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।





























