
সুজানগরের অন্তর্ভুক্ত পদ্মা নদীর সাতবাড়িয়া ইউনিয়নের রায়পুরে (চর চক রায়কান্ত পুর) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। আজ সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা নির্বাহী অফিসার, সুজানগর, পাবনা। অভিযান কালে সুজানগরের অন্তর্গত অংশে অবৈধভাবে বালু উত্তোলনারত অবস্থায় ৯০ ফিট দীর্ঘ একটি অবৈধ ড্রেজার মেশিন (স্থানীয়ভাবে বাংলা ড্রেজার নামে পরিচিত) জব্দ করা হয়। দুষ্কৃতিকারী চক্র পার্শ্ববর্তী চরে পালিয়ে যেতে সক্ষম হয়। ড্রেজারখানার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। ড্রেজারখানা নাজিরগঞ্জ নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ এর জিম্মায় রাখা হয়। নৌ পুলিশ কে নিয়মিত মামলা দায়েরের জন্য আদেশ দেওয়া হয়েছে। মামলা দায়ের এর কার্যক্রম চলমান আছে। অভিযান পরিচালনা কালে জনাব মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি), সুজানগর, পাবনাসহ নাজিরগঞ্জ নৌ পুলিশের একটি দল এবং সুজানগর থানা পুলিশের একটি দল প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। সুজানগর উপজেলার অন্তর্গত পদ্মা নদীর অংশে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























