
মনির হোসেন সুমন, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রশিদ।
এদিকে, ত্বকী হত্যায় গ্রেপ্তার অপর ২ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। রোববার দুপুরে ৬ দিনের রিমান্ড শেষে সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো ৫ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হয়। উভয় পক্ষের শুনানী শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে এবং ঢাকার ধানমন্ডী থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা র্যাব। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামী আজমেরী ওসমানের সাবেক গাড়ি চালক জামশেদ শেখকে। জামশেদ শেখ এখনও র্যাবের রিমান্ডে।
আসামী শিপনের আইনজীবী মুক্তা বলেন, আমরা আদালতে রিমান্ডের বিরোধীতা করে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। সেই সঙ্গে ত্বকীর মতো একজন মেধাবী ছাত্রের খুনের সঙ্গে কোন ভাবেই আমার মক্কেল জড়িত নয় বলেও আদালতকে বলেছি। প্রকৃত পক্ষে আমার মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
আসামী মামুন মিয়ার অ্যাডভোকেট খোকন বলেন, ত্বকী হত্যার সঙ্গে জড়িত হিসেবে যে মামুনের নাম এসেছে আমার মক্কেল সেই মামুন নয় বলে আদালতকে জানিয়েছি। আমার মক্কেল মামুন ঠিকাদারী ব্যবসায জড়িত। শুধুমাত্র নামের মিল থাকায় তিনি হয়রানির শিকার হচ্ছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নগরের শায়েস্ত খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। ২ দিন পর ৮ মার্চ সকারে শীতলক্ষ্যা নদীর খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ





























