
টিপু সুলতান :
ভোলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন (৩৫) নামের এক জেলের নিহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার ছেলে শাহিন আহমেদ (১৩)। এছাড়াও মো. লিটন নামের আরেক জেলে আহত হয়েছেন।
সোমবার (১৯ আগষ্ট) বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন
মৃত সালাউদ্দিন মাঝি ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল রশীদ মাঝির ছেলে এবং আহত লিটন একই ওয়ার্ডের বাসিন্দা। নৌকাটিতে সালাউদ্দিন মাঝি তার ছেলে শাহীন ও লিটন নামের আরেকজন ছিলেন।
মৃত সালাউদ্দিনের পরিবার ও আহত লিটন মাঝি জানান, সোমবার বিকালে তাঁরা তিনজন মেঘনা নদীতে মাছ ধরছিল। এসময় হঠাৎ করে তাদের নৌকাতে বজ্রপাত হয়। এতে সালাউদ্দিন মাঝি বজ্রপাতে পুড়ে কয়লা হয়ে গেছেন। তার ছেলে শাহীন নদীতে পড়ে গেছে। তবে লিটন এ ঘটনায় কিছুটা আহত হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।
ভোলা ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তবে বৈরী আবহাওয়া থাকার কারণে তাঁরা কাজ করতে পারেননি। আগামীকাল সকাল থেকে নিখোঁজ শাহীনকে উদ্ধার করার জন্য ডুবুরি টিম কাজ করবে।
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া একই কথা জানিয়েছেন।





























