
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা এলাকায় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ দেখে এক আসামি অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এর জোগাড়দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি শফিকুল ওরফে শপ্পা (৪০), পিতা আব্দুল বাতেন, একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালায় থানা পুলিশ। এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে শফিকুল একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ফেলে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া পিস্তলের এক পাশে ইংরেজিতে ‘Chaina’ লেখা রয়েছে।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে অস্ত্র ও গুলি পুলিশ হেফাজতে নেয়।
এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।





























