
মোঃসোহানুর রহমান
রংপুর জেলা প্রতিনিধিঃ
আজ (৩১ ডিসেম্বর) বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তাদের এ ঘোষণাপত্রে নতুন করে কী উত্থাপিত হতে যাচ্ছে তা নিয়ে বেশ উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো।,
রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, বৈষম্যবিরোধীদের ঘোষণাপত্রে কী থাকছে তা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের। কারণ, এ ঘোষণাপত্র তৈরি করা নিয়ে তারা রাজনৈতিক দল কিংবা সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেননি। এ অবস্থায় ঘোষণাপত্রে নতুনত্ব কী থাকছে কিংবা নতুন কোন ধরনের দাবি উপস্থাপিত হতে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বিগ্ন থাকাটা স্বাভাবিক।
তারা এটাও বলছেন, দেশের বর্তমান অস্থির ও নৈরাজ্যকর পরিস্থিতিতে এ মুহূর্তে সব পক্ষের মধ্যে একটি বৃহৎ ঐক্যের দরকার ছিল। কিন্তু সেখানে সবাইকে বাদ দিয়ে ‘বৈষম্যবিরোধী’ নামে একটি অংশের এ ধরনের উদ্যোগ দেশের অস্থিতিশীল পরিস্থিতি আরও বাড়াবে।





























