
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
“ডক্টর ইউনুস স্যারের নির্দেশ, বন্যার্তদের পাশে বাংলাদেশ” -এই শ্নোগানকে ধারণ করে বাংলাদেশ বেতারের উপপরিচালক মোঃ মনির হোসেনের উদ্যোগে কুমিল্লার লাকসামে বন্যার্তদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) উপজেলার গোবিন্দপুর এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপপরিচালক মোঃ মনির হোসেন ও তার পরিবারের অর্থে বন্যার্তদের মাঝে ২৭০ প্যাকেট খাবার বিতরন করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল ও ১ কেজি ডাল।
উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও মোহাম্মদপুর ঈদগাঁও আশ্রয় কেন্দ্রে এ খাদ্য বিতরণ করা হয়। লাকসামের উপজেলা প্রশাসন, লাকসাম থানা নির্বাহী কর্মকর্তা এ কাজে সার্বিক সহযোগিতা করেন। এ সময় লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন, সামাজিক ব্যক্তিত্ব মাওলানা ফখরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত লাকসামের ছাত্রবৃন্দের মধ্যে মারূফ, সিয়ামসহ অনেক ছাত্র নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বন্যার্ত অসহায় মানুষেরা খাবার প্যাকেট পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের জন্য দোয়া করেন।
উপ-পরিচালক মনির হোসেন উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশের যে কোন সংকটে ড. ইউনুস স্যারের সরকার জনগনের পাশে থাকবে ইনশাল্লাহ। সমাজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিদেরকে বন্যার্তদের পাশে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন এ দুর্যোগ তিনি অচিরেই মুক্ত করেন। মানুষ যেন দ্রুততম সময়ে ঘরে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।





























