
স্টাফ রিপোর্টার জেলার বাজারে হঠাৎ করেই লেবুর দাম আকাশচুম্বী—হালি প্রতি ১২০ টাকা। সাধারণ ক্রেতারা যেখানে অসহায় হয়ে বেশি দামে লেবু কিনতে বাধ্য হচ্ছিলেন, সেখানে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হঠাৎ বাজারে উপস্থিত হতেই বদলে যায় পুরো চিত্র।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সরাসরি বাজারে গিয়ে বিক্রেতাদের কাছে জানতে চান, লেবু হালি কত টাকা করে বিক্রি হচ্ছে। এ সময় বিক্রেতারা জানান, লেবু হালি প্রতি ৪০–৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। পরে জেলা প্রশাসক ক্রেতাদের স্বার্থে লেবুর দাম হালি প্রতি ৪০ টাকা নির্ধারণ করে দেন এবং ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক নিজেই দাঁড়িয়ে থেকে ৪০ টাকা দরে লেবু বিক্রি নিশ্চিত করেন। কম দামে লেবু বিক্রির খবর ছড়িয়ে পড়তেই ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কি ও তীব্র ভিড়ের মধ্যে অল্প সময়ের মধ্যেই বিক্রেতাদের ঝাঁকা খালি হয়ে যায়।এ সময় উপস্থিত সাধারণ ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে অসাধু ব্যবসায়ীরা আর ইচ্ছামতো দাম বাড়াতে সাহস পাবে না।এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























