
মাহামুদুল হাছান মেহেদী
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় গত ৬ নভেম্বর ভোর আনুমানিক ৪.১৫ মিনিটে সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় যৌথ অভিযান চলিয়ে চার জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। মোসাঃ তানিয়া খাতুন (৪৫), ২। মোঃ বাদশা (৪৫), ৩। ময়নাল (৭০) ও ৪। মো: শুভ (১৯)। গ্রেফতারের সময় তাদের থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ওহাব কলোনী এলাকায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে সবুজবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক বাজার মূল্য ৫২,৫০০ টাকা) ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো:ইয়াছিন আলী এবং চার মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আলোকিত সকালের প্রতিবেদককে।





























