
কৃষ্ণ চন্দ্র দাস, ফেনী ফেনীতে অপহরণের নাটক সাজিয়ে অন্য একজনকে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের ফাঁদে পড়েছে চার যুবক। শহরের উপশম হাসপাতালের সামনে থেকে ইসমাইল হোসেন (২৪) নামের এক যুবককে অপহরণ করে তারা, পরে তার পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ইসমাইলের পরিবার থানায় অভিযোগ করলে পুরো ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়।অভিযুক্তদের মধ্যে গ্রেফতার হওয়া তিনজন হলেন বারাহীপুর এলাকার আবুল বশরের ছেলে মো. সাকিব (২১) ও আল আমিন (২৬), এবং দাগনভূঞা উপজেলার হিজলি গ্রামের মো. হোসেনের ছেলে মো. ছায়েদ (২৪)। অভিযুক্তদের একজন, বাদশা (২৩), এখনো পলাতক রয়েছেন।পুলিশ জানায়, গত সোমবার (৪ নভেম্বর) ইসমাইলকে অপহরণের পর তাকে মুক্তিপণের জন্য আটকে রাখে এই চক্র। বিষয়টি ইসমাইলের পরিবারের নজরে আসার পর তারা থানায় অভিযোগ করেন। পরে অভিযুক্তরা বুঝতে পারে যে পুলিশ বিষয়টি নিয়ে তৎপর। তাদের পরিকল্পনা পাল্টে গিয়ে তারা ইসমাইলকে থানায় হস্তান্তর করে এবং দাবি করে যে ইসমাইল এক হত্যা মামলার সঙ্গে যুক্ত।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘‘ইসমাইলের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা ঘটনার সত্যতা পাই এবং চার আসামির তিনজনকে গ্রেফতার করি।’’ তিনি আরও জানান, ‘‘বর্তমানে কেউ থানায় কোনো ব্যক্তিকে হস্তান্তর করলে, আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করে অভিযোগ গ্রহণ করি।’’এই অপহরণের নাটক সাজিয়ে ভিন্নমুখী পথে ইসমাইলকে ফাঁসানোর চেষ্টাই শেষ পর্যন্ত নিজদের বিপদ ডেকে এনেছে অভিযুক্তদের।





























