
কৃষ্ণ চন্দ্র দাস, ফেনীঃ ফেনীর পরশুরামে রাজনৈতিক বিরোধের জেরে আব্দুর রহিম নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আব্দুর রহিম বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমের সঙ্গে একই এলাকার রফিকুল ইসলাম রনির রাজনৈতিক বিরোধ ছিল, যা থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।বৃহস্পতিবার দুপুরে রনি ও তার সহযোগীরা রহিমের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী জেনারেল হাসপাতাল, এবং শেষমেশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত রনি পলাতক রয়েছেন।এ ঘটনায় পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























