
মনির হোসেন সুমন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত হৃদয় পাগলা বউবাজার এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বউবাজার রেলস্টেশন সংলগ্ন মাঠে দুটি গ্রুপ পৃথক ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। পাশাপাশি দুটি আয়োজনে শব্দ ও জায়গা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
নিহত হৃদয়ের বন্ধু সাব্বির জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তারা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে ৭-৮ জন যুবক এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে হৃদয় গুরুতর আহত হন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানা পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”





























